চাঁদপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মো. আকরাম হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৫ এপ্রিল) রাতে ফরিদগঞ্জ উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক। গ্রেফতারকৃত আকরাম হোসেন পূর্ব লাড়ুয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বিকেলে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আকরাম হোসেনসহ কয়েকজন দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে সড়কের পাশে একটি সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
এসময় ভুক্তভোগী চিৎকার করলে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর ভুক্তভোগী নিজেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) প্রধান আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।