মানিকগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
সংগৃহীত ছবি
মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন ডা. একে এম মোফাখখরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ২৫০ শয্যা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. শাহ আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান,পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক জাকিয়া আক্তার। অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী, জেলা হাসপাতালের সহকারী পরিচালক ডা. বদরুল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক মো. কাবুল উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মহিউদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বিশ্বে মানবস্বাস্থ্য, প্রাণীস্বাস্থ্য এবং পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান। বর্তমান সময়ে অসংক্রামক রোগ যেমন হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের রোগ- অপরিণত মৃত্যুর প্রধান কারণ হিসেবে আবির্ভূত হয়েছে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সমস্যাও একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু স্বাস্থ্যখাতের উদ্যোগই যতেষ্ট নয়; বরং খাদ্যব্যবস্থা, নগর পরিকল্পনা, পরিবেশ ও শিক্ষা খাতসহ বহুমাত্রিক সমন্বিত পদক্ষেপ অপরিহার্য। সিভিল সার্জন অফিস আয়োজিত সম্মেলনে ডাক্তার, নার্স, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।