চিরিরবন্দরে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফাইল ছবি
দিনাজপুরের চিরিরবন্দরে দুইটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আইনুল ইসলাম খোকা নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার অমরপুর ইউনিয়নের লক্ষীপুর শান্তিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইনুল ইসলাম খোকা ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তির বাজার থেকে একটি অটোভ্যান কয়েকজন যাত্রী নিয়ে কালিগঞ্জ গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী আইনুল ইসলাম খোকা (৪৫), সিফাত রানা (২০), জহির উদ্দিন (৪৫) এবং মমতাজ ওরফে নেজাবদ্দিন (৬৫) গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইনুল ইসলাম খোকাকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।