নোয়াখালীতে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালীতে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত মো.বেলায়েত হোসেন সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আনছার আলী বেপারী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে। তিনি রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, বেলায়েত ২০১২ সালের ২১ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত রুপালী ব্যাংকের সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে নগদ তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন। যাহা দুদকের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে মামলাটি পরিচালনা করেন নোয়াখালী দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহির উদ্দিন।

তিনি বলেন, আদালত ৫৬ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে আসামিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করেন। আসামি বেলায়েত হোসেন পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।