সাবেক হিসাব মহানিয়ন্ত্রক কামরুল হাই আর
সংগৃহীত ছবি
বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারের প্রথম ব্যাচের কর্মকর্তা এবং সাবেক হিসাব মহানিয়ন্ত্রক কামরুল হাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় কানাডায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং কানাডায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
কামরুল হাই ১৯৭৪ সালের বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারের প্রথম ব্যাচের কর্মকর্তা ছিলেন। এছাড়া ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। পাকিস্তান আমলে ১৯৭১ ব্যাচের সিএসপি কর্মকর্তা হিসেবে চতুর্থ স্থান অর্জন করেন তিনি।
বাংলাদেশ সরকারের ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) পদ থেকে অবসর গ্রহণের পর ২০০৮ সাল থেকে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছিলেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ছোট ভাই।
পরিবার সূত্রে জানা গেছে, কানাডার নাগেট মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে টরন্টোর রিচমন্ড হিল এলাকায় মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের মহাসচিব নূরুল ইসলাম এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।