তৃতীয় বিভাগে নেমে যেতে পারে হামজার ক্লাব লেস্টার সিটি
ফাইল ছবি
আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে পয়েন্ট কাটা বহাল থাকায় তৃতীয় বিভাগে নেমে যাওয়ার বড় শঙ্কায় পড়েছে সেস্টার সিটি। আপিল করেও শাস্তি থেকে রেহাই পায়নি দলটি।
গত মৌসুমে শীর্ষ লিগ থেকে নেমে দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় খেলতে থাকা দলটি এবার আরও এক ধাপ নিচে নামার ঝুঁকিতে রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে লিগ কর্তৃপক্ষ তাদের ৬ পয়েন্ট কেটে নেয়। এর বিরুদ্ধে আপিল করা হলেও তা খারিজ হয়েছে।
এই শাস্তির ফলে দলটি তালিকার ১৭তম স্থান থেকে নেমে ২০তম স্থানে চলে যায়। বর্তমানে তারা অবনমন অঞ্চলে রয়েছে এবং নিরাপদ অবস্থান থেকে এক পয়েন্ট পিছিয়ে আছে। মৌসুম শেষ হতে বাকি আছে আর পাঁচটি ম্যাচ।
ক্লাব কর্তৃপক্ষ শুরুতে শাস্তিটিকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করলেও আপিল খারিজ হওয়ার পর এখন তারা মাঠের খেলায় মনোযোগ দেওয়ার কথা জানিয়েছে।
নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব নির্দিষ্ট সময়সীমায় নির্ধারিত সীমার বেশি লোকসান করতে পারে না। তদন্তে দেখা যায়, নির্ধারিত সীমার তুলনায় দলটি অতিরিক্ত অর্থ ব্যয় করেছে। এ কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে নতুন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়ার পরও দলের পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। শেষ ১২ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা।সব মিলিয়ে টানা দ্বিতীয়বার অবনমনের কঠিন শঙ্কায় রয়েছে দলটি।