মুন্সীগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় এ কর্মসূচির আয়োজন করে সিরাজদিখান প্রেস ক্লাব।

জানা যায়, মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ প্রকাশ করেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও ‘মুন্সীগঞ্জের সময়’ পত্রিকার সম্পাদক মঈনুদ্দিন সুমন এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়, যা সাংবাদিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। অথচ সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

সিরাজদিখান প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান রিপোর্টার ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংবাদিক আমির হোসেন ঢালী ও নাদিম হায়দার।

বক্তারা অবিলম্বে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।