পিরোজপুরের জিয়ানগরে বিদ্যুৎস্পর্শে ইটভাটা শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের  জিয়ানগরে বিদ্যুৎস্পর্শে ইটভাটা শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

পিরোজপুরের জিয়ানগরে কে বি আই নামের একটি ইটভাটায় বিদ্যুৎস্পর্শে মো. ফারুক হোসেন (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফারুক হোসেন খুলনা জেলার কয়রা থানার তেঁতুল তলা এলাকার আজিবুর রহমান গাজীর ছেলে। তিনি কে বি আই ব্রিক ফিল্ডে ইটভাটা শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেন সকালে কলসি নিয়ে পানি আনতে যাচ্ছিলেন। কিন্তু আগের রাতের কোনো এক সময় বাতাস-বৃষ্টিতে ভাটার একটি বৈদ্যুতিক তার রাস্তায় ছিঁড়ে পড়েছিল। কিন্তু ফারুক হোসেন সেই তার লক্ষ্য করেননি। তিনি ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে যান এবং ওখানেই তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন।


 
পরে অন্য শ্রমিকরা তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখলে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইটভাটার মালিক আসলাম হোসেন জানান, ফারুক পানি আনতে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে প্যাঁচিয়ে ইলেকট্রিক শক খেয়ে গুরুতর আহত অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকে এবং অন্য শ্রমিকরা তাকে ওই অবস্থা দেখে উদ্ধার করলে আমরা তাকে দ্রুত পিরোজপুর হাসপাতালে পাঠাই। সেখানে ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়েছি। তিনি শ্রমিক হলেও আমরা ভাইয়ের মতো চলতাম, সবাই একসঙ্গে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের একটি টিম পাঠিয়েছি। মরদেহ পিরোজপুর সদর হাসপাতালে রয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হোসেন জানান, পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।