কুড়িগ্রামে সাড়ে ৩ কোটি টাকার খাসজমি উদ্ধার

কুড়িগ্রামে সাড়ে ৩ কোটি টাকার খাসজমি উদ্ধার

সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় অবৈধ দখলে থাকা প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। 

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ। এর আগে গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এক উচ্ছেদ অভিযানে মোট ৭০ শতক জমি দখলমুক্ত করা হয়। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে আরও ৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। অভিযানের মাধ্যমে এসব জমি পুনরুদ্ধার করা হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। 

এ ব্যাপারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।