সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে জরুরি সভা

সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে জরুরি সভা

সংগৃহীত ছবি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা জোরদারে বাগেরহাটে জরুরি সমন্বয় সভা করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মোংলা কোস্টগার্ডের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় জেলা প্রশাসন ছাড়াও পুলিশ, র‍্যাব, নৌবাহিনী, নৌসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষ, মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বনবিভাগ, নৌ পরিবহন অধিদপ্তর, লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, রিসোর্ট অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, মৎস্য আড়তদার এবং মাঝি-মাল্লা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এ সময় সুন্দরবনের দস্যুতা দমন কার্যক্রম জোরদার, সীমান্তবর্তী নদীপথ দিয়ে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধ, টুরিস্ট জাহাজ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত, রিসোর্টসমূহে ডাকাতি ও অপহরণ রোধ এবং বন্যপ্রাণী সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও চুরি ও ডাকাতি প্রতিরোধ, নিরাপত্তা কাজে ওয়াচম্যান মোতায়েনের নির্দেশনা, ফিশিং ট্রলারের মাধ্যমে চোরাচালান প্রতিরোধ, সমুদ্রে ৫৮ দিনের ফিশিং ব্যান বাস্তবায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌ-রুটে চলাচলরত লাইটার ও কোস্টার জাহাজসমূহের নিরাপত্তা জোরদার এবং নোঙ্গর অবস্থায় আলোর ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।