শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কর্তনের অভিযোগ
প্রতিকি ছবি
কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে শিশুটির মামার পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবার বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির বাবার দায়ের করা মামলায় শুক্রবার দুপুরে অভিযুক্ত মেহেদী হাসানকে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মেহেদী হাসান (২০) উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নানাবাড়িতে বেড়াতে আসা ৮ বছর বয়সী শিশুটি গোসল করে ঘরে ফিরছিল। এ সময় অভিযুক্ত মেহেদী হাসান ওই শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। শিশুটি তার খালাকে বিষয়টি জানালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিযুক্ত মেহেদী হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা চলছে। মামার ওপর হামলার ঘটনাটিও তদন্তনাধীন রয়েছে।