টাঙ্গাইলে ৫ টাকায় দুপুরের খাবার
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের পাঁচ টাকায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের শহীদ মিনারে ‘সর্বদা নির্ভীক’ ফাউন্ডেশনের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।
দুপুর আড়াইটা থেকে খাবারের জন্য পাঁচ টাকার টোকেন সংগ্রহ করে অপেক্ষা করতে থাকেন সুবিধাবঞ্চিত শিশু, রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষজন। পাঁচ টাকার বিনিময়ে পেট ভরে মুরগির মাংসের খিচুড়ি খান তারা।
আয়োজকরা জানান, প্রতিমাসের দ্বিতীয় কিংবা তৃতীয় শুক্রবারে তারা ৫ টাকার বিনিময়ে দুপুরের খাবার বিতরণ করেন। সংগঠনের বেশির ভাগই শিক্ষার্থী। প্রায় দেড় বছর ধরে তারা এ কার্যক্রম পরিচালনা করছেন।
এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দা তাসমো, সামিউল হাসান সাদি, সভাপতি শাহিন সরকার, সাধারণ সম্পাদক মারুফ শিকদার, আলোকিত জীবন ফাউন্ডেশনের ফাউন্ডার শাম্মী হুদা, লন্ডন প্রবাসী সংগ্রাম মোহাম্মদসহ অন্যরা উপস্থিত ছিলেন।