পাবনার ভাঙ্গুড়ায় সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
সংগৃহীত ছবি
পাবনার ভাঙ্গুড়ায় সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কে নিম্নমানের ইট ও পোড়া ইটের খোয়া ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিইডির ঊর্ধ্বতন এসব সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিলেও তা অমান্য করেই কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা এলজিইডির অধীনে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার ভেড়ামারা বাজার থেকে হাটগ্রাম পর্যন্ত ৩৫৭৬ মিটার সড়ক সংস্কারের কাজ শুরু হয়। ৩ কোটি ৩২ লাখ ৯৭ হাজার ৫৪৮ টাকা ব্যয়ে এই কাজটি পায় কুষ্টিয়া জেলার সৈকত এন্টারপ্রাইজ। তবে বর্তমানে পাবনার একটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটির দেখভাল করছে। আগামী ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি অত্যন্ত নিম্নমানের এবং পোড়া ইটের খোয়া ব্যবহার করছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলের এলজিইডি ডেপুটি ডিরেক্টর মমিন মজিবুল হক সম্প্রতি কাজটির আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনে অভিযোগের সত্যতা মেলায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। সেইসঙ্গে দ্রুত নিম্নমানের নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেন।
তবে সরেজমিনে দেখা গেছে, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশের তোয়াক্কা না করে বরং নিম্নমানের খোয়ার সঙ্গে অল্পকিছু ভালো খোয়া মিশিয়ে কাজ শেষ করার চেষ্টা চলছে। এমনকি সাইটে কোনো দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকেও দেখা যায়নি। কাজ তদারকি করছেন সাধারণ একজন অফিস কর্মচারী।
এ বিষয়ে সিরাজগঞ্জ-পাবনা প্রকৌশল বিভাগের ডেপুটি ডিরেক্টর মমিন মজিবুল হক বলেন, ‘কাজটি পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রমাণ পাওয়ায় আমি খোয়া সরিয়ে ফেলার কড়া নির্দেশ দিয়েছি। মানসম্মত উপকরণ ছাড়া কাজ করা চলবে না বলে জানিয়েছি।’
ভাঙ্গুড়া উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, ‘নির্বাহী প্রকৌশলী স্যারের মৌখিক নির্দেশনায় কাজ শুরু হলেও তারা এখনো আনুষ্ঠানিকভাবে ওয়ার্ক অর্ডার (কার্যাদেশ) হাতে পাননি। তবে ডেপুটি ডিরেক্টর স্যারের চিহ্নিত করা ত্রুটিগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে পাবনার সাব-ঠিকাদার রুবেল হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, টেকসই সড়ক নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।