আর্টেমিস-২: নিরাপদে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

আর্টেমিস-২: নিরাপদে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

সংগৃহীত

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক ১০ দিনের চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী।

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করে।

সমুদ্রে অবতরণের পর আর্টেমিস-২-এর কমান্ডার রিড ওয়াইজম্যান ওরিয়ন ক্যাপসুলের ভেতরে থাকা নভোচারীদের অবস্থা সম্পর্কে একটি ইতিবাচক প্রতিবেদন দিয়েছেন।

ওয়াইজম্যান বলেন, কী অসাধারণ এক যাত্রা ছিল। আমরা স্থিতিশীল আছি। চার নভোচারীই সম্পূর্ণ সুস্থ আছেন। 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস-২ ল্যান্ডিং অ্যান্ড রিকভারি ডিরেক্টর লিলিয়ানা ভিয়ারিয়াল বলেন, সমুদ্রে অবতরণের দুই ঘণ্টার মধ্যে নভোচারীদের ওরিয়ন ক্যাপসুল থেকে উদ্ধার করা হবে। এরপর মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ‘ইউএসএস জন পি মুরথা’র মেডিকেল বে-তে পৌঁছে দেয়া হবে।

এর মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো ১০ দিনের এই রোমাঞ্চকর চন্দ্রাভিযান। গত বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে শক্তিশালী এস.এল.এস রকেটের পিঠে চেপে মহাকাশে উড়াল দেয় আর্টেমিস-২। অ্যাপোলো মিশন শেষ হওয়ার পর এই প্রথম কোনো মানববাহী মহাকাশযান চাঁদের অভিমুখে যাত্রা এটি। 

আর্টেমিস-২ অভিযান ছিল ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের পদচিহ্ন ফেলার নাসা-পরিকল্পনার একটি পরীক্ষামূলক ধাপ।

এদিকে মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসায় স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নভোচারীদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

এক বার্তায় টাম্প বলেন, ‘আর্টেমিস–২ এর অসাধারণ ও প্রতিভাবান নভোচারীদের অভিনন্দন। পুরো যাত্রাটি ছিল চমৎকার, অবতরণ ছিল নিখুঁত এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি এর চেয়ে বেশি গর্বিত হতে পারি না! খুব শিগগিরই হোয়াইট হাউসে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমরা আবারও এটি করব এবং পরবর্তী লক্ষ্য—মঙ্গল গ্রহ!’