বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে পিস্তল-গুলিসহ আটক ২
প্রতীকী ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ২টি পিস্তল ও ৪২ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবকসহ ২ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবি জানায়, অভিযানে একটি টিটি ক্যালিবার ৯ মিমি পিস্তল (যুগোস্লাভিয়ায় তৈরি), একটি অজ্ঞাত ধরনের পিস্তল এবং ৪২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এসময় মো. ফারুক (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
তিনি রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর ব্লক এফ-১ এলাকার বাসিন্দা।
পরবর্তীতে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকডালা বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. নুরুল আলম (৩০) নামের আরো একজনকে আটক করা হয়। তিনি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, ‘আয়াতুল্লাহ’ নামের এক ব্যক্তির নির্দেশে তারা ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্রগুলো বহন করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ‘ক্যাফে-১৩’ নামের একটি হোটেলে অন্য পক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা করছিলেন।
আটক দুইজনকে অস্ত্র ও গোলাবারুদসহ বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।