হাইতিতে দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু
ছবিঃ রয়টার্স
হাইতির উত্তরাঞ্চলের ঐতিহাসিক লাফেরিয়েরে দুর্গে পদদলিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।দেশটির উত্তর বিভাগের দমকল বাহিনী প্রধান জঁ অঁরি পেতি জানান, ১৯ শতকের প্রথমদিকে তৈরি করা ঐতিহাসিক দুর্গ লাফেরিয়েরে শনিবার (১১ এপ্রিল) পদদলনের এই ঘটনা ঘটে।
এ সময় স্থানটিতে অনেক শিক্ষার্থী ও পর্যটক ছিলেন। তারা দুর্গটির বার্ষিক উৎসবে যোগ দিতে এসেছিল।
পেতি জানান, দুর্গটির প্রবেশ পথে পদদলনের ঘটনা ঘটে। এ সময় বৃষ্টি হওয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটে।
দেশটির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি বলেন, মিলো শহরের ওই স্থানে ‘অনেক তরুণ-তরুণীর উপস্থিতিতে একটি পর্যটন অনুষ্ঠানের সময়’ দুর্ঘটনাটি ঘটে।
তিনি জানান, তদন্ত শুরু হয়েছে।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে’ মোতায়েন করা হয়েছে। তিনি নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সামাজিক মাধ্যমে প্রচারের পর দুর্গটির প্রতিষ্ঠা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী উপস্থিত হয়েছিল।
উল্লেখ্য, ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর পরই হাইতিতে এ ঐতিহাসিক দুর্গটি নির্মাণ করা হয়েছিল।
স্বাধীনতার পর বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফি এটি নির্মাণ করেন। বর্তমানে এটি দেশটির স্বাধীনতার প্রতীক এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে পরিচিত।