পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফাইল ছবি
পাবনার চাটমোহরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর এবং ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতরা হলো, উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের রুবেল হোসেনের ছেলে রনি হোসেন এবং মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত কিয়াম উদ্দিনের ছেলে আকাত আলি।
সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুয়াবাসী গ্রামে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে রনি হোসেনের মৃত্যু হয়।
অন্যদিকে, শনিবার সন্ধ্যায় চাটমোহর-পাবনা মহাসড়কের পূর্বটিয়ারতলা এলাকায় সিএনজির ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকাত আলি।
স্থানীয়রা জানান, রোববার সকালে রনি হোসেন বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
অপরদিকে, শনিবার সকালে আকাত আলি মাঠে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে চাটমোহর-পাবনা মহাসড়কের পূর্বটিয়ারতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার পর তার মৃত্যু হয়।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।