দারিয়াপুরে সিপিবির আয়োজনে শোভাযাত্রা ও পান্তা উৎসব
সংগৃহীত ছবি
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে শোভাযাত্রা ও পান্তা উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
মঙ্গলবার সকাল ৮টায় শোভাযাত্রায় অংশ নিতে কমিউনিস্ট পার্টির দারিয়াপুর অঞ্চল কার্যালয়ে নেতাকর্মী ও বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ জমায়েত হন। এ সময় শোভাযাত্রাটির উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ।
উদ্বোধনী বক্তব্যে মিহির ঘোষ বলেন, বাংলা নববর্ষ একটি সর্বজনীন উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে এটি সব মানুষের উৎসব। এ উৎসবকে কৃষক, ক্ষেতমজুর, শ্রমিকসহ সবার উৎসবে পরিণত করতে হবে।
শোভাযাত্রায় গরুর হাল, মাছ ধরার উপকরণ, হুকা, রেডিও, মাতালসহ নানা ঐতিহ্যবাহী সামগ্রী নিয়ে অংশ নেন শ্রমজীবীরা। শোভাযাত্রাটি প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে পান্তা খাওয়ার উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সিপিবির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, প্রবীণ কমরেড সন্তোষ বর্মণ, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ আরও অনকে।