রংপুরে রাকিব হত্যা মামলার প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার

রংপুরে রাকিব হত্যা মামলার প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

রংপুরে আলোচিত রাকিব হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তাররা হলেন—নগরীর রবার্টসনগঞ্জ তাঁতীপাড়া এলাকার মুসলিম মিয়ার ছেলে মমিন মিয়া (৪২) ও তার স্ত্রী সুইটি বেগম (৩৫)।

সোমবার বিকেল পৌনে ৬টার দিকে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওই দিন রাতে নগরীর হাজীরহাটে র‌্যাব-১৩ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ এপ্রিল মমিন মিয়ার স্ত্রী সুইটি বেগমের সঙ্গে রাকিব হাসানের বাকবিতণ্ডা হয়। বিষয়টি সুইটি মুঠোফোনে স্বামীকে জানালে মমিন উত্তেজিত হয়ে পড়েন। পরদিন রাস্তায় রাকিবকে দেখতে পেয়ে বাড়ি থেকে ছুরি এনে তাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হওয়ার পর থেকে মমিন ও সুইটি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিন মাদকাসক্ত বলে স্বীকার করেছেন। এছাড়া পূর্বের একটি মামলাকে কেন্দ্র করে রাকিবের পরিবারের সঙ্গে তার বিরোধ ছিল। এ বিরোধ ও সাম্প্রতিক বাকবিতণ্ডার জেরেই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় র‌্যাব।