বৈশাখী র‌্যালি ও সাংস্কৃতিক আয়োজনে রংপুরে নববর্ষ উদযাপন

বৈশাখী র‌্যালি ও সাংস্কৃতিক আয়োজনে রংপুরে নববর্ষ উদযাপন

ফাইল ছবি

বৈশাখী র‌্যালি ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে রংপুরে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। মঙ্গলবার সকালে রংপুর জিলা স্কুল বটমূলে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আবহমান বাংলার কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। নতুন বছরে দল, মতসহ সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে সুখী-সমৃদ্ধ, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে।

পরে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যের রঙিন আবহে জিলা স্কুল থেকে একটি বৈশাখি র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এদিকে বাংলা নববর্ষকে ঘিরে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য পরিষদ পাবলিক লাইব্রেরি মাঠে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়েছে। এছাড়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন পৃথক পৃথকভাবে বাংলা নববর্ষ উদযাপন করছে।