উত্তরায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ, তিন দিনব্যাপী বৈশাখী মেলা

উত্তরায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ, তিন দিনব্যাপী বৈশাখী মেলা

সংগৃহীত ছবি

 “এসো হে বৈশাখ, এসো এসো”—এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর পার্কে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার পার্ক প্রাঙ্গণে এক অরাজনৈতিক সামাজিক সংগঠন কর্মজীবীদের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল পান্তা-ইলিশ ভোজ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা। আয়োজনগুলোতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া কল্যাণ সমিতির উদ্যোগে তিনদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় শতাধিক স্টলে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। প্রতিটি স্টলেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি এম এ খালেক, সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, সাবেক যুগ্ম সম্পাদক কাজী কবিরী, কার্যকরী সভাপতি প্রকৌশলী মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছিমা হাসান, সদস্য মন্টু, সেলিম, সুমন নাছিরিন খান্দকার ও কোহিনূর খান্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।