কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে দুই দেশের মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
বিজিবি জানায়, গত রবিবার (১২ এপ্রিল) সকালের দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী চৌদ্দঘুড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে দুই বাংলাদেশি নাগরিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পথভ্রষ্ট হয়ে ভুলক্রমে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাদের আটক করে বিএসএফ।
আটককৃতরা হলেন- জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশিরচেরের ডুমুরদহ গ্রামের সোলেমান সরকার (৩৪) ও ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)।
এ ঘটনায় তাদের পরিবারের সদস্যরা চৌদ্দঘুড়ি বিওপিতে বিষয়টি অবহিত করেন।
বিজিবি জানায়, সোমবার বিকেল ৫টায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংগত কারণে তা পিছিয়ে রাত ৮টায় অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৩১/৭-এস সংলগ্ন শূন্যলাইনে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এ পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পরে আটক দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কচাকাটা থানায় হস্তান্তর করা হয় বলে জানান কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক।