ইউএফটিবির ক্যাম্পাস অবকাঠামো নির্মাণের আশ্বাস এমপি মজিবুর রহমানের

ইউএফটিবির ক্যাম্পাস অবকাঠামো নির্মাণের আশ্বাস এমপি মজিবুর রহমানের

সংগৃহীত ছবি

দ্রুততম সময়ের মধ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)-এর স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মজিবুর রহমান।

মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে ইউএফটিবি আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

সংসদ সদস্য বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে আমি সবসময় সচেষ্ট থাকব। একটি আধুনিক ও মানসম্মত ক্যাম্পাস গড়ে তুলতে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণিল আয়োজনের সূচনা হয় সকাল ৭টায় আলোচনা সভার মাধ্যমে। পরে সকাল ৭টা ৩০ মিনিটে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয় উৎসবমুখর পরিবেশে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে প্রধান অতিথির সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এই উৎসবের মূল লক্ষ্য মানুষে মানুষে সম্প্রীতি বৃদ্ধি এবং সমাজে ঐক্য ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলা।’