বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে পহেলা বৈশাখ উদযাপন
সংগৃহীত ছবি
বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা ও নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি গার্ডেনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঢাক-ঢোলের তালে, রঙিন মুখোশ ও ঐতিহ্যবাহী পোশাকে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রা শেষে ডিসি গার্ডেন প্রাঙ্গণে লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প ও বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়।
এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে নীলফামারী প্রেসক্লাবেও দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে সাজানো হয় প্রেসক্লাব চত্বর। দই-চিড়া ও মিষ্টিমুখের মাধ্যমে সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহণে উৎসবের আমেজ তৈরি হয়।
অনুষ্ঠানে কুইজ ও নারীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী বাঙালি খাবারে আপ্যায়ন করা হয় অতিথিদের। এছাড়া প্রেসক্লাব সদস্যদের স্ত্রী ও সন্তানদের জন্য উপহারও প্রদান করা হয়।