ব্যর্থতা, হতাশা ঝেড়ে ফেলে ইতিবাচক চেতনায় এগিয়ে যেতে হবে: এমপি শহিদুল
সংগৃহীত ছবি
শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার আহ্বান জানিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বলেছেন, ‘তোমরা সুশিক্ষায় শিক্ষিত হও। নববর্ষে পুরাতন জরা, ব্যর্থতা, হতাশা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে ইতিবাচক চিন্তা চেতনায় এগিয়ে যাবে।’
তিনি নারী শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘যে ঘরে একজন নারী শিক্ষিত, সেই ঘর আলোকিত। মা শিক্ষিত হলে সন্তান অশিক্ষিত হওয়ার সুযোগ নেই।’
মঙ্গলবার দুপুরে ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা মহিলা কলেজ মাঠে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তোমাদের সামনে রয়েছে জ্ঞান-বিজ্ঞানের অবারিত পৃথিবী। এখান থেকে খারাপটা বাদ দিয়ে ভালোটা গ্রহণ করতে হবে। মোবাইল ও ইন্টারনেটের সঠিক ব্যবহার করা জরুরি। আমাদের জ্ঞান ও শিক্ষা যতক্ষণ পর্যন্ত মেধার আলোয় বিকশিত না হবে, ইতিবাচক কাজে ব্যয় না হবে, ততদিন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বাবা, মা, ভাই, বোন, আত্মীয়-স্বজন সবাইকে ভালোবাসতে হবে। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, যুদ্ধ, বিগ্রহ পরিহার করতে হবে। পরিবার থেকেই ভালোবাসা, শ্রদ্ধা ও মানবিক সম্পর্ক দৃঢ় করতে পারলে সবাইকে ভালোবাসা যাবে। সবাই মিলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তির সুবাতাস বয়ে যায়, এমন সমাজ আমরা গড়তে চাই।’
তিনি সভায় উপস্থিত অভিভাবক, শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে পারলে সর্বনাশা মাদক থেকে রক্ষা পাওয়া সহজ হবে। আপনার সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, এদিকে খেয়াল রাখতে হবে।’
ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফি উদ্দীন মোল্লার সভাপতিত্বে ও কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক দিলীপ দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মোল্লা। আরও বক্তব্য রাখেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ভাঙ্গা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না।