রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবি

রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবি

সংগৃহীত ছবি

রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট এক লাফে দেড় হাজার টাকা করা হয়েছে। সরকারি হাসপাতালে মরদেহ পরিবহনে রয়েছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। এদিকে নির্মিত বিশেষায়িত শিশু হাসপাতালটি এখনও চালু হয়নি। এসব সমস্যার সমাধানে ছয় দফা দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের মাধমে এ দাবি জানানো হয়। 

এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাপা রাজশাহী কমিটির সভাপতি সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই স্মারকলিপির অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনারসহ প্রতিমন্ত্রী ও সচিব ছাড়াও সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবা নানা জটিলতায় জর্জরিত। বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট হঠাৎ বেড়ে দাঁড়িয়েছে ১৫০০ টাকায়। এতে নিম্ন ও মধ্যবিত্ত রোগীরা চিকিৎসার আওতার বাইরে চলে যাচ্ছেন। উত্তর ও দক্ষিণাঞ্চলসহ দেশের নানা প্রান্ত থেকে রোগীরা রাজশাহীতে আসেন। কিন্তু উচ্চ ভিজিটের কারণে তাঁরা প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না বলে দাবি সংগঠনটির।

স্মারকলিপিতে রাজশাহীতে নির্মিত বিশেষাষিত শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবি জানানো হয়। বলা হয়, কয়েক বছর আগে শিশু হাসপাতাল নির্মাণ সম্পন্ন হলেও এখনও চালু না হওয়ায় শিশুদের বিশেষায়িত চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হচ্ছে।

এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট ফি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন, হামের টিকাদান কর্মসূচি জোরদার ও গণসচেতনতা বৃদ্ধি, সরকারি হাসপাতালের অবকাঠামো ও জনবল বৃদ্ধির দাবি জানানো হয়।