সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মতিন খান বলেছেন, আমি মনে করি বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে অন্তত সমাজের পিছিয়ে পড়া কোনো ব্যক্তিকে এই রাষ্ট্র ভুলে যাবে না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ-৪ আসনের (সদর-বিশ্বম্ভরপুর) এমপি অ্যাড. নুরুল ইসলাম নুরুলের মাধ্যমে প্রান্তিক মানুষের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও আব্দুল মতিন খান বলেন, আপনারা যাকে নির্বাচিত করেছেন সেই এমপির দেওয়া অনুগ্রহে দেওয়া বরাদ্দ। প্রকৃত উপকার ভোগীরা যেন পায় তার জন্য দেরি হয়েছে আর এমপি মহোদয়ও তাই চেয়েছেন।
আজ যারা পাননি, তারাও পর্যায় ক্রমে এই ফরম্যাটে বা অন্য কোনো ফরম্যাটে পাবেন। এই সহায়তা প্রমাণ করে রাষ্ট্র আপনাদেরকে ভুলে যায়নি, বরং আপনাদের প্রতি দায়বদ্ধ।
এসময় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী চেয়ারম্যান, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাদাঘাট দ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. ছবাব মিয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ সয়দ রমিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাছিতসহ অন্যান্য নেতারা।