মনে হয় ফেসবুক এখন দেশ চালাচ্ছে : শিক্ষামন্ত্রী

মনে হয় ফেসবুক এখন দেশ চালাচ্ছে : শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘মনে হয় ফেসবুক এখন দেশ চালাচ্ছে। ফেসবুকে বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়। আমি নাকি পরীক্ষার রুটিন দেবো পরীক্ষার দিন, এসব অপপ্রচার চালায়। আমি বললাম এবার শূন্য পাস করলেও এমপিও বাতিল হবে না। বট বাহিনী লিখে দিলো এবার ফেল করলে এমপিও বাতিল। এখন দেখা যায় ফেসবুকই দেশ চালায়।’

শুক্রবার (১৭ এপ্রিল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সেল হচ্ছে। আই ওয়ান্ট টু সি এভরিথিং। প্রতিটি বিশ্ববিদ্যালয় কিভাবে কাজ করছে, সেটা দেখার জন্য মন্ত্রণালয়ে এই সেল থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। একজন ছাত্রের পেছনে বছরে অভিভাবকের খরচ হয় কমপক্ষে পাঁচ লাখ টাকা। আর সেই ছাত্রের পেছনে সরকারের খরচ হয় আট লাখ টাকা। পড়াশোনার জন্য সময় দিতে হবে।’

আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য ছাত্রদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো: আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মনজুরুল ইসলাম এমপি, সাদিক রিয়াজ চৌধুরী এমপি প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো: এনামুল্যা।

শুক্রবার বিকেলে শিক্ষামন্ত্রী দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি ভবনে দিনাজপুর শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সাথে মতবিনিময় করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ মো: আখতারুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।