ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর নিশাত (৬) নামে এক স্কুলশিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিশাত ওই গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল দুপুরে চিপস কেনার কথা বলে বাড়ি থেকে বের হয় নিশাত। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক মোরগ ধরতে গিয়ে বাড়ির অদূরে একটি বস্তার ভেতর মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিহিত কাপড় দেখে নিশাতের মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশসহ ডিবি, র‌্যাব ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।