ভিন্নতার মাঝে ঐক্যই মূলনীতি, বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী
সংগৃহীত ছবি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ভিন্নতা ও বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা করা সরকারের মূল নীতি। রাষ্ট্রের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, কোনো ধরনের বৈষম্য রাখা হবে না।
শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ‘মহানগর পরিবার দিবস উদ্বোধন, গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
সংস্কৃতি মন্ত্রী বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে। কে ভোট দিয়েছে আর কে দেয়নি—তা বিবেচনা না করে সবার জন্য কাজ করা হবে। গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মত ও আদর্শ থাকবে, তবে বিভাজন নয়, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।
সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের উদ্বেগের বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং ঘোষিত নীতির আলোকে সব সমস্যার সমাধান করা হবে। তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে সংরক্ষণ ও উন্নয়নের আওতায় নেওয়ারও ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল।
অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য মঞ্জু ধর ও বাবুল দাসকে ‘গুণীজন সম্মাননা’ দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তির চেক ও সনদ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, পারিবারিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে