স্বাধীনতা পদক ও সাহিত্য সম্মাননা দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন
ফাইল ছবি
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবার ১৩ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক ও সাহিত্য সম্মাননা পদক-২০২৬ প্রদান করবে। শনিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে স্বাধীনতা বইমেলার সমাপনী অনুষ্ঠানে স্বাধীনতা পদক ও সাহিত্য সম্মাননা পদক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।
চসিক জানায়, এবার স্বাধীনতা স্মারক সম্মাননার জন্য মনোনিত ১৩ ব্যক্তি হলেন- স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আলম নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অবদানের জন্য মো. একরামুল করিম, শিক্ষাক্ষেত্রে চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান (মরণোত্তর), চিকিৎসা ক্ষেত্রে এম. এ ফয়েজ এবং সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সঙ্গীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতার। অন্যদিকে, সাহিত্য সম্মাননা পদকের জন্য গীতি কবিতায় ড. আব্দুল্লাহ আল মামুন, শিশু সাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান এবং কথা সাহিত্যে জাহেদ মোতালেব মনোনীত হয়েছেন। তাছাড়া, তিন প্রতিষ্ঠান হলো- সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। চসিক ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় বইমেলার আয়োজন করা হয়েছে।