চোর সন্দেহে মারধর করে পুলিশে সোপর্দ, দুদিন পর জামিনে এসে মৃত্যু
সংগৃহীত ছবি
সেচের মটর চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। মামলা দিয়ে আদালতে পাঠালে দুদিন পর জামিনে এসে ওই যুবক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া বেয়ারা গ্রামে বোনের বাড়িতে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের জাদুয়ার চর গ্রামে একটি সেচের মটর চুরির ঘটনায় পাশের নান্দাইল উপজেলার চর লক্ষ্মীদিয়া গ্রামের মোহাম্মদ হাবিব মিয়ার ছেলে মোহাম্মদ রাজিব মিয়াকে (২৫) এলাকাবাসী ধরে মটর চুরি সন্দেহে মারধর করে।
একপর্যায়ে জাতীয় জরুরি সেবা, ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুত আহত অবস্থা অবস্থায় রাজিব মিয়াকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায়। পরদিন রাজীব মিয়ার বিরুদ্ধে চুরি মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার রাজিব জামিনে মুক্ত হয়ে বোনের বাড়িতে চলে যায়।
সেখানে গতকাল শুক্রবার সকালে তিনি মারা যান। ঘটনার পর রাজিবের মরদেহ নিয়ে যাওয়া হয় নান্দাইলের চর লক্ষ্মীদিয়া গ্রামে নিজ বাড়িতে।
সেখান থেকে পুলিশকে খবর পাঠালে ঘটনাস্থল কোনো থানায় এ নিয়ে মরদেহ উদ্ধারে তাল বাহানা শুরু করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক ওসির দায়িত্বে রাশেদুল ইসলাম জানান রাজিব মিয়া মটর চুরির ঘটনায় অভিযুক্ত হওয়ায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছিল।
পরে খবর পেয়েছেন তিনি জামিনে এসে মারা গেছেন।
এ ঘটনায় একজন উপ-পরিদর্শককে শুক্রবার রাতেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।