ফ্রান্সে সংকটাপন্ন পেশা : নীতিতে বৈধতার সুযোগ, বাস্তবে সীমিত
সংগৃহীত ছবি
ফ্রান্সে শ্রমিক সংকট মোকাবিলায় সংকটাপন্ন পেশার আওতায় বৈধতার সুযোগ রাখার কথা থাকলেও বাস্তবে অনিয়মিত অভিবাসীদের জন্য সেই সুযোগ সীমিতই থেকে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ ফরাসি প্রশাসনের প্রধান বা প্রেফেদের উদ্দেশে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় জানিয়েছেন, ২০২৫ সালে “মেতিয়ের অঁ তঁসিওঁ” বা শ্রমিক সংকটে থাকা পেশার আওতায় মাত্র ১ হাজার ৬৫৫টি রেসিডেন্স পারমিট ইস্যু করা হয়েছে। আজঁস ফ্রঁস-প্রেস (এএফপি) বুধবার (১৫ এপ্রিল) বার্তাটি পর্যালোচনা করে জানায়, সংকটাপন্ন পেশার আওতায় ব্যতিক্রমী ভিত্তিতে (এইএস) বৈধতা পাওয়ার সুযোগ থাকলেও তা বাস্তবে খুবই সীমিত।
সরকারি হিসাবে বর্তমানে প্রায় ৮০টি পেশাকে সংকটাপন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে শ্রমিকের ঘাটতি পূরণে নির্দিষ্ট শর্তে অনিয়মিত অভিবাসীরা রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারেন।
তবে এই তালিকা ও এর বাস্তবায়ন নিয়ে সমালোচনাও রয়েছে। শ্রমিক সংগঠন সিজিটি এর ববিনি শাখার সাধারণ সম্পাদক জঁ-আলবের গিদু বলেন, তালিকায় কিছু ইতিবাচক দিক থাকলেও অর্থনীতির বড় খাত—বিশেষ করে নির্মাণ, রেস্তোরাঁ, লজিস্টিকস ও বর্জ্য ব্যবস্থাপনা—যেখানে বিপুলসংখ্যক অনিয়মিত শ্রমিক কাজ করেন, সেগুলো যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়নি।
তার মতে, বিদেশি শ্রমিকের বাস্তব উপস্থিতির ভিত্তিতে তালিকা তৈরির কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি, ফলে বাস্তবতা ও নীতির মধ্যে ফারাক রয়ে গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বার্তায় জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও জোরালোভাবে চালিয়ে যেতে হবে। সরকারি হিসাবে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বহিষ্কারের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
সব মিলিয়ে শ্রমবাজারে প্রকট সংকট থাকা সত্ত্বেও প্রশাসনিক জটিলতা ও কঠোর অভিবাসন নীতির কারণে ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের জন্য বৈধতা পাওয়ার পথ এখনো সীমিত ও অনিশ্চিতই রয়ে গেছে।