‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী দিনে বসুন্ধরা-এমটিবির জয়

‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী দিনে বসুন্ধরা-এমটিবির জয়

সংগৃহীত ছবি

জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হয়েছে ‘বসুন্ধরা সুপার গলফ ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’।

শুক্রবার টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো শুরু হয়।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সার্বিক সহযোগিতায় এবং অপেশাদার করপোরেট ক্রিকেট ক্লাব ‘ঢাকা মেভেরিকস’র ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্ট চলবে আগামী ২ মে পর্যন্ত।

টুর্নামেন্টের প্রথম দিনের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা স্ট্রাইকার্স ও ডোপ স্ট্রাইকার্স।

টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বসুন্ধরা। নির্ধারিত ১০০ বলে ৭ উইকেটের বিনিময়ে ১৩৬ রান সংগ্রহ করে ডোপ স্ট্রাইকার্স।

জবাবে ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজে ধরা দেন বসুন্ধরা স্ট্রাইকার্সের ব্যাটার নিলয় আহসান। মাত্র ৪৯ বলে ১০১ রানের অনবদ্য এক ‘নট আউট’ ইনিংস খেলেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে মাত্র ৮৮ বলে ২ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে জয় নিশ্চিত করে বসুন্ধরা স্ট্রাইকার্স।

দিনের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও ওয়ার্নিয়ার্স ওয়ারিয়র। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানেই থমকে যায় ওয়ার্নিয়ার্স ওয়ারিয়রের ইনিংস। ফলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এমটিবি।

এবারের আসরে মোট আটটি করপোরেট দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটি ‘পাওয়ার্ড বাই গোল্ডস জিম’ শিরোনামে আয়োজিত হচ্ছে। এতে কো-স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং গিফট পার্টনার হিসেবে আছে জুলকান।

বিকেলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল করিম দ্বীপ (ডিরেক্টর, সিটি ব্যাংক), জহিরুল ইসলাম (ডিরেক্টর, সিটি ব্যাংক), তৈহিদ বিন সাফি (সিইও) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।