ইরান ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক সব দাবি মিথ্যা: গালিবাফ
মোহাম্মদ বাঘের গালিবাফ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার ইরান ইস্যুতে যে সাতটি দাবি করেছেন, সেগুলোর সবই মিথ্যা বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের একাধিক মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, এই মিথ্যা দিয়ে তারা যুদ্ধেও জয়ী হয়নি এবং আলোচনাতেও কোনো অগ্রগতি করতে পারবে না।
গালিবাফ বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি পুরোপুরি খোলা থাকবে না। প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্ধারিত রুট অনুসারে এবং ইরানের অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে। হরমুজ প্রণালির নিয়মকানুন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারিত হতে পারে না।
শুক্রবার স্থানীয় সময় দিনের শুরুতে ইরান ইস্যুতে বেশ কিছু মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মতপার্থক্য নেই। একইসঙ্গে তেহরানের সঙ্গে চুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ইতিবাচক বার্তাও দেনে মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে এবং ‘কখনোই আর বন্ধ না করতে’ সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ‘ইরানের ক্ষেত্রে সম্পূর্ণ শক্তি ও কার্যকারিতাসহ বহাল থাকবে, যতক্ষণ না আমাদের সঙ্গে ইরানের লেনদেন শতভাগ সম্পন্ন হয়।’
তিনি ব্লুমবার্গ নিউজকে জানান, আগামী রোববার (১৯ এপ্রিল) আলোচনা এগোবে বলে তিনি আশা করছেন এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। ট্রাম্প আরও বলেন, ইরান অনির্দিষ্টকালের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে।
ট্রুথ সোশালে ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান সব সমুদ্র মাইন সরিয়ে ফেলেছে বা সরাচ্ছে।’ মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে সম্মত হয়েছে।