দিনাজপুরে আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা
সংগৃহীত ছবি
শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’।
শনিবার সকালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে প্রধান অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতাটি উদ্বোধন করেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। এছাড়া পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় কারিগরি শিক্ষাবিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মনজুরুল ইসলাম। আলোচন সভার আগে প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯০টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অতিথিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ, কর্মে হব যুক্ত’ প্রতিপাদ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিটিই, পিএমইটির অ্যাসেট প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রকল্পের প্রকল্প পরিচালক সামসুর রহমান খান, অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. মাহমুদ হাসান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক পরিচালক নাহিদ হাসান, পলিটেকনিক ইনস্টিটিউটের মোহাম্মদ আবদুল ওয়াদুদ মন্ডল ও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমদ আব্দুল হালিমসহ অন্যরা।