মাদারীপুরের ডাসার ও কালকিনিতে খাল পুনঃখনন উদ্বোধন

মাদারীপুরের ডাসার ও কালকিনিতে খাল পুনঃখনন উদ্বোধন

সংগৃহীত ছবি

মাদারীপুরের ডাসার ও কালকিনি উপজেলায় দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর আওতায় ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী এলাকায় খলিলের বাড়ি থেকে পাথুরিয়াপাড়া বাচ্চু তালুকদারের বাড়ি পর্যন্ত একটি খাল পুনঃখনন করা হবে। অন্যটি খালটি পুনঃখনন হবে কালকিনি উপজেলার মধ্যচর এলাকার জালাল হাওলাদারের বাড়ির সামনের ব্রিজ থেকে লতু খানের বাড়ি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক ও শ্রমজীবী মানুষের উন্নয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করছেন। এ ধরনের উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক ইতোমধ্যে বাস্তবায়িত হচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।