নেইমারের হাতে বাংলাদেশের জার্সি

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ব্রাজিল ও নেইমারের সমর্থক অনেক। সেই নেইমারের হাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি তুলে দেয়া হয়েছে। গতকাল ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় নেইমারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেন শাহনূর রোমেন।

ব্রাজিল থেকে বাংলাদেশি প্রবাসী শাহনূর রোমেন বলেন, 'আমি এক যুগের বেশি সময় ব্রাজিলে রয়েছি। ফটোসাংবাদিকতা করি, মূলত ক্রীড়ার ছবিই বেশি তুলি। গতকাল নেইমারের ক্লাব সান্তোসের ট্রেইনিং গ্রাউন্ডে যাই। মিডিয়া সেশনের সময় নেইমারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেই।'

শাহনূর বাংলাদেশে আসেন না অনেক দিন। আরেক প্রবাসী ক্রীড়ামোদীর মাধ্যমে জার্সি ব্রাজিলে এনেছেন। সেই জার্সি নেইমারের হাতে তুলেছেন।

বিশ্বকাপের সময় বাংলাদেশে ফুটবল উন্মাদনা নিয়ে বিশ্বজুড়েই সংবাদ হয়। তাই বাংলাদেশ নিয়ে খানিকটা ধারণা রয়েছে নেইমারের। প্রবাসী ফটোসাংবাদিক রুমেন বলেন, 'বাংলাদেশের জার্সি পেয়ে তিনি অনেক খুশি হয়েছেন। বাংলাদেশে ব্রাজিল ও তার সমর্থক রয়েছে এটি তিনি জানেন।'