হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
ফাইল ছবি
এক্টিভিস্ট ও কন্টেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে কাউকে গ্রেফতার বা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল।
বিবৃতিতে বলা হয়, গত ১৭ এপ্রিল হাসান নাসিমকে তার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তার ভাই হাসান নোমান ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, ডিবির কর্মকর্তারা নাসিমের বিরুদ্ধে সরকারের অসংগতির বিরুদ্ধে লেখালেখির অভিযোগ তুললেও কোনো মামলার তথ্য জানাননি।
ডাকসু নেতারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত অধিকার। এই অধিকার খর্ব করে কাউকে গুম বা আটক করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে হাসান নাসিমকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর এমন কর্মকাণ্ড অতীতের স্বৈরাচারী শাসনামলের কথা মনে করিয়ে দেয়, যখন অসংখ্য মানুষকে একইভাবে তুলে নেওয়া হয়েছিল এবং অনেকের আর খোঁজ মেলেনি। গুম, নিখোঁজ ও বিচারবহির্ভূত কর্মকাণ্ড একটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলেও উল্লেখ করা হয়।
ডাকসু নেতারা সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী মত দমনের চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সমালোচনা বন্ধ করা যাবে না। ২০২৪ সালের প্রজন্ম অন্যায়, দমন-পীড়ন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেপ্তার হওয়া কন্টেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (১৮ এপ্রিল) রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।