সন্দ্বীপে ঘরে ঢুকে ঘুমন্ত কিশোরীকে ধর্ষণ, ঘাতক পলাতক
ছবিঃ সংগৃহীত।
চট্টগ্রামের সন্দ্বীপের এক মাদরাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনিদ্যার এলাকায় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রবিবার সকালে সন্দ্বীপ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি (তদন্ত) সুজন হালদার।
ভুক্তভোগীর পরিবার জানায়, তারা একটি নির্জন ও বিচ্ছিন্ন বাড়িতে বসবাস করেন। ঘটনার সময় শিশুটির বাবা-মা ঘরে ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী মিলাদ (৪২) নামের এক ব্যক্তি ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মিলাদ একই এলাকার বাসিন্দা এবং পেশায় অটোচালক।
সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) সুজন হালদার বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।