পোরশায় ১ হাজার ট্যাপেন্টাডল জব্দ, কারবারি গ্রেফতার
প্রতিকি ছবি
নওগাঁর পোরশায় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি শামীম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার সাপাহার উপজেলার চন্দুরা বাবুপুর গ্রামের মৃত দুলাল চৌধুরীর ছেলে।
গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার সারাইগাছী-সাপাহার আঞ্চলিক মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সারা দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় শামীম একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এলে তল্লাশি করে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে প্রায় ৩ লাখ টাকার ১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার সকালে গ্রেফতার শামীমকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।