ফটিকছড়িতে শহীদ মিনারে অশালীন নৃত্যর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

ফটিকছড়িতে শহীদ মিনারে অশালীন নৃত্যর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় এ বি জেড সিকদার উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিছু শিক্ষার্থীর হিন্দি গানের সঙ্গে উচ্ছৃঙ্খল নৃত্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাবেক শিক্ষার্থীসহ সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের এক পর্যায়ে বেশ কয়েকজন শিক্ষার্থী শহীদ মিনারে উঠে জুতা পায়ে বিভিন্ন গানের সঙ্গে উচ্ছৃঙ্খল ও অশালীন নৃত্যে জড়িয়ে পড়ে।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনার ঝড়। রাকিবুল ইসলাম নামে এক সাবেক শিক্ষার্থী ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “কোন পর্যায়ে চলে গেছে আমাদের প্রাণের বিদ্যালয়!”

অন্যদিকে বাবু খান নামে আরেকজন মন্তব্য করেন, “আমরা এখনো কোনো কারণে শহীদ মিনারে বসলে জুতা খুলে বসি। কিন্তু আজ শহীদদের প্রতি সম্মান কোথায় গিয়ে ঠেকেছে? একটি শিক্ষা প্রতিষ্ঠানে দিনের বেলায় কিভাবে শহীদ মিনারের ওপর এভাবে প্রকাশ্যে নাচতে পারে? কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের কাছে জানতে চাই।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার পালিত বলেন, “পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু শিক্ষার্থী শহীদ মিনারে উঠে উচ্ছৃঙ্খলভাবে নাচতে শুরু করলে সঙ্গে সঙ্গে গান বন্ধ করে দেওয়া হয়। ভিডিওটি দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন, “বিষয়টি এখনো শুনিনি। খোঁজ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “ভিডিওটি আজ দেখেছি। বিষয়টি বিস্তারিত জানাতে প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয়।”