সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
ফাইল ছবি
টানা কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এখনো ৩৬ ডিগ্রির ঘরেই রয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেই সঙ্গে সোমবার (২০ এপ্রিল) সকালের মধ্যেই ৩ জেলায় ঝড়ের পাশাপাশি আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে তীব্র গরমের মধ্যেই আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এই আবহাওয়াবিদ আরো জানিয়েছেন, মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিনও দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এ ছাড়া বুধবার (২২ এপ্রিল) একই সময় পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এদিকে আগামী বৃহস্পতি ও শুক্রবার (২৩ ও ২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।