নারায়ণগঞ্জে হকার পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জে হকার পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ শহরের হকারদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে চাষাঢ়া শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি নিতাইগঞ্জ এলাকার সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

 

এর আগে সকাল থেকেই হকাররা শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। একই সঙ্গে হকারদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া হকাররা জানান, গত ১৩ এপ্রিল সিটি কর্পোরেশন পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই মহানগরের ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে অভিযান চালায়। এতে হঠাৎ করেই হাজারো হকার কর্মহীন হয়ে পড়েছেন এবং অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছেন।

সমাবেশে বক্তব্য দিয়ে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, “আমরা উচ্ছেদের বিরুদ্ধে নই, তবে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরে ফুটপাতে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করা মানুষ এখন চরম অনিশ্চয়তায় রয়েছেন।”

এ সময় উপস্থিত ছিলেন হকার ঐক্য পরিষদের সমন্বয়ক আবদুল সালাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হকার্স দলের সভাপতি কেএম মিজানুর রহমান রনি, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।