রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার নিজ জেলা বগুড়ায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বগুড়া সফর।
তিনি বলেন, আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা এখন সময়ের দাবি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ন্যায় প্রতিষ্ঠা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম উপাদান। যা মূলত নৈতিকতা, আইন ও মানুষের প্রাপ্ত অধিকারের মৌলিক ভিত্তি। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকাই মুখ্য। এ কারণেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার দ্বার উন্মোচন করেন।
এর আগে, প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন। দিনব্যাপী এই সফরে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন তিনি।
বিকেলে প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ী গ্রামে যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া চৌকিরদহ খাল খনন কাজেরও সূচনা করবেন তিনি।
সফরের শেষ পর্যায়ে বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সবশেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করে তার ঢাকা ফেরার কথা রয়েছে।