স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী সুলতানা জেসমিন
সুলতানা জেসমিন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র সংসদ সদস্যদের জোটের পক্ষ থেকে সাবেক ছাত্রদল নেত্রী সুলতানা জেসমিন জুঁইকে মনোনীত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) স্বতন্ত্র সংসদ সদস্যদের এই জোটের পক্ষে সুলতানা জেসমিন জুঁইয়ের মনোনয়নপত্রে স্বাক্ষর করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবর রহমান ইকবাল এবং ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর।
এদিকে, দুই দিনব্যাপী দীর্ঘ সাক্ষাৎকার ও যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাপ্ত তথ্যমতে, দলটি তাদের জন্য বরাদ্দকৃত ৩৬টি আসনের বিপরীতে মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে। ত্যাগী ও যোগ্য নেত্রীদের প্রাধান্য দিয়ে তৈরি করা এই তালিকাটি ইতোমধ্যে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
একই দিন সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সংরক্ষিত নারী আসনে জোটের জন্য বরাদ্দকৃত ১৩টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী নিজেদের জন্য ৮টি আসন রেখেছে। বাকি ৫টি আসন জোটের শরিক দলগুলোর প্রতিনিধি ও বিশেষ ক্যাটাগরির প্রার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।