ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হরিপুর এলাকার চুরকি মার্কেটের সামনে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের স্বরূপনগর এলাকার শাহীবাগ মহল্লার সুজন মিস্ত্রির ছেলে আবির (১৫)। আহত শিক্ষার্থী একই মহল্লার মো.পলাশের ছেলে আবু তালহা (১৩)। তারা দুজনেই চাঁপাইনবাবগঞ্জ শহরের সোনার মোড় এলাকায় অবস্থিত ইম্পেরিয়াল স্কুলের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে হরিপুর বোর্ডঘর থেকে বাইসাইকেলযোগে বাসায় ফিরছিল ওই দুই শিক্ষার্থী। এ সময় রাজশাহী থেকে আসা একটি ট্রাক হরিপুর মহাসড়কে পিছন থেকে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলই আবির নিহত হয়। পরে স্থানীয়রা দ্রুত আহত তালহাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ঘটনাস্থল থেকে কৌশলে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, চাঁপাইনবাবগঞ্জের হরিপুর এলাকায় ট্রাক দুর্ঘটনায় একজন শিক্ষার্থী নিহত হয়েছে এবং অপর এক শিক্ষার্থী আহত হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।