চাঁদপুর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার্থী ৩০ হাজার ৭৫৬

চাঁদপুর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার্থী ৩০ হাজার ৭৫৬

ফাইল ছবি

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাতেও ব্যাপক উৎসাহ ও প্রস্তুতির মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর চাঁদপুর জেলা থেকে এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৩০ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, জেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ এসএসসিতে ২১ হাজার ৮০৭ জন, দাখিলে ৭ হাজার ১৯১ জন এবং কারিগরি বা ভোকেশনাল শাখায় ১ হাজার ৭৫৮ জন শিক্ষার্থী রয়েছে।

পরীক্ষা গ্রহণের জন্য পুরো জেলায় মোট ৭৪টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সাধারণ এসএসসির জন্য ৪৫টি, দাখিলের জন্য ১৯টি এবং ভোকেশনাল শাখার জন্য ১০টি পরীক্ষা কেন্দ্র বরাদ্দ করা হয়েছে।

উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চাঁদপুর সদরে এসএসসি পরীক্ষার্থী ৪ হাজার ৮৫১ জন, দাখিল ৯৭৮ জন ও ভোকেশনাল ২৬৬ জন। ফরিদগঞ্জে এসএসসি ২ হাজার ৯০৬ জন ও দাখিল ১ হাজার ৫৯৯ জন। হাজীগঞ্জে এসএসসি ২ হাজার ৯৮১ জন ও দাখিল ১ হাজার ১৭১ জন। শাহরাস্তিতে এসএসসি ২ হাজার ৮৩৩ জন ও দাখিল ৭৫৮ জন। কচুয়ায় এসএসসি ৩ হাজার ১০৫ জন ও দাখিল ১ হাজার ৩৫৫ জন। মতলব উত্তরে এসএসসি ২ হাজার ৭৩৩ জন ও দাখিল ৪৭৪ জন। মতলব দক্ষিণে এসএসসি ১ হাজার ৮২৫ জন ও দাখিল ৫৩৫ জন। এছাড়া হাইমচর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৫৭৩ জন এবং দাখিল ৩২১ জন।

কেন্দ্রের বিন্যাসে দেখা গেছে, হাজীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ৯টি এসএসসি কেন্দ্র রয়েছে। মতলব উত্তরে রয়েছে ৭টি কেন্দ্র। এছাড়া চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও কচুয়ায় ৬টি করে এবং মতলব দক্ষিণে ৩টি ও হাইমচরে ১টি এসএসসি কেন্দ্র রয়েছে। ভোকেশনাল পরীক্ষার জন্য জেলার ৮টি উপজেলায় ১০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

সারা দেশের মতো চাঁদপুরেও সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ থেকে কঠোর তদারকি নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।