সিএমএসএফ তহবিল ব্যবস্থাপনায় পরিবর্তনের নির্দেশ

সিএমএসএফ তহবিল ব্যবস্থাপনায় পরিবর্তনের নির্দেশ

ফাইল ছবি

পুঁজিবাজারের আমানতকারীদের অবণ্টিত লভ্যাংশ নিয়ে গঠিত ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) তহবিল ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হওয়ছে। মূলত তহবিলের নিরাপত্তা জোরদার করা, কেন্দ্রীভূত ঝুঁকি (ফান্ড কনসেন্ট্রেশন রিস্ক) কমানো, ব্যবস্থাপনায় স্বচ্ছতা আরো বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনায় এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

জানা গেছে, সিএমএসএফ তহবিল ব্যবস্থাপনায় মূলত তিনটি পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে-প্রধান ব্যাংক হিসাব স্থানান্তর, এক্সিম ব্যাংক থেকে আমানত প্রত্যাহার এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বিনিয়োগ ফেরত আনতে রোডম্যাপ প্রণয়ন। এই নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের দায়িত্ব বিএসইসির সংশ্লিষ্ট বিভাগকে দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে, যা শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে।

বিএসইসি সূত্র জানিয়েছে, প্রধান ব্যাংক হিসাব স্থানান্তরের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সিএমএসএফের যে প্রধান পরিচালনা ব্যাংক হিসাবটি বর্তমানে বেসরকারি ব্যাংকে রয়েছে তা অবিলম্বে কোনো সরকারি তফসিলি ব্যাংকে স্থানান্তর করতে হবে। এর ফলে তহবিল ব্যবস্থাপনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্বচ্ছতা আরো নিশ্চিত হবে।

এছাড়া বেসরকারি এক্সিম ব্যাংকে সিএমএসএফের জমাকৃত অর্থ ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বিএসইসি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক চিঠি পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি, ওই চিঠির অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বিএসইসিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।