বিশ্বনাথে গাছের ডাল পড়ে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
প্রতিকি ছবি
সিলেটের বিশ্বনাথে গাছের ডাল পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম সেবুল আহমেদ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে সিলেটের কামাল বাজার-বাবনা সড়কের লামা হাজরাই এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে।
গ্রামীণ ব্যাংকের সিলেট সদর উপজেলার টুকের বাজার শাখায় কর্মরত ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকের কাজ শেষ করে সেবুল আহমদ মোটরসাইকেলে সিলেট শহরের বাসায় ফিরছিলেন। তেমুখী বাইপাস হয়ে কামাল বাজার-বাবনা সড়ক দিয়ে যাওয়ার পথে লামা হাজরাই এলাকায় পৌঁছান তিনি। হঠাৎ একটি গাছের ডাল তার মাথার ওপর ভেঙে পড়ে।
এতে গুরুতর আহত হয়ে রাস্তার ওপর লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট নগরের আখালিয়াস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগের কোনো ঝড়ের কবলে পড়ে গাছের ওই ডালটি আগে থেকেই ভেঙে বিপজ্জনকভাবে ঝুলে ছিল।
সেবুল মিয়ার শ্যালক মঈন উদ্দিন আহমদ জানান, গাছের ডাল পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।